দলদলি
---হিমাদ্রী দেউরী
মরনের চিতান শুনিতে শুনিতে মুই জীবন ভুলি যাং, পত্তি পলের ভিতিরা নুকি থোয়া সুখ হারে গেইছে, কায়বা মোর খেরিঘরোত অফুরান মংগা নাগে দিচে, দিনে দিনে বাড়ি যাছে স্বাসকষ্ট...!
খবরের কাগজ পড়ি পড়ি খিব ধেন্দেলাং ভোক বড় না রোগ বড়, দ্যাশটা কায় চলায় - রাজনীতি না বেওসা, নেতালা কার বন্ধু - গরীব না ধনীর ? তুইও কি কোনো দলের ক্যাডার না হইস ? অজাইন্তে মুইও ভাগ হয়া যাং... কায়বা ঢ্যাক্কে ফ্যালে দিচে এই ভাগাভাগির অনন্ত খালোত , আর ওঠার খেমতা নাই এই দলদলি হাতে !
এদিয়া দিন ফুরি যায়, আয়ু ফুরি যায়, পাহাড়ের নাকান ঢিপি নাগি যায় কাজ আর বাড়ে পাপ । মুই দুওরের চৌকাঠত মাথা ডিকি মরং, ভালদূর থাকি ভাসি আইসে সাইরেনের আওয়াজ...
মহামারীর এই ডাঙর হাসপাতালোত মুই মিচ্চাং একজন রুগী, একনা সংখ্যা, একনা ভোট ! সমাই আসিলে মোক ফম হয়, অন্য সমাই....... থাউক এইলা কাথা
মুই ভগবানের দোকান হাতে এক ব্যাগ রেশন আনির যাং !!

