রসিক-বিল
তোর বগোলোত খাড়ের চায়া বীতি গেইচে কত উদাস বসন্ত, অনাদি মইশালের পিড়িতি ভাঙিচে ডাঙর বাথানের সুদায়, চকুর আংডালোত চোরাসোত মিশি গেইছে নদীর গহীন, সংকোশ ঝিলের অথাও জলোত টুপ্পুস করি ডুবি গেইচে সোনালী অতীত ...
আয়নার নাকান জলোত আজিও মুই পানিকাউড়ির ছ্যাঙা উকটি বেড়াং শুনদুপোরোত, নাল শালুকের পাতার ফাকে ফাকে হাস্তে বেড়াং স্বপন, পাড়ত বসি কুজা বশ্শিয়াল মিছাং ছিপোত তুলি আনে ক্ষয়... এই সমে নাই কারনে ভয় নাগে খিব, সাইঞ্জার ছ্যাঙা কেমন করি গিলি খায় বড় বালার চর!
একসমাই মোর গড় ভাঙ্গে, চুই চুই করি জল ঢুকি যায় বুকের কুড়াত, পওনা মাছের ঝাক খলখল করি উজায়, বৈদেইশা পংখির কান্দনে ঢেউয়ের মাথাত ভাসি ওঠে সুদি হোলা ফুল, মুই সেলা আন্ধার ঝিল হয়া যাং...
পত্তি রাতি এক অচীন মাঝি ভেলা বায়া যায় মোর কালা জলোত, নিঝুম লগ্গি টানি পার হয়া যায় মায়াবী ঝিল...
উনায় কায়? তুই?


